প্রিন্ট এর তারিখঃ Jul 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 1, 2026 ইং
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের অপারেশন সফলভাবে সম্পন্ন

এম মনির চৌধুরী রানা
যাত্রী অধিকার আন্দোলনের প্রবক্তা, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব, মোজাম্মেল হক চৌধুরীর এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হৃদরোগজনিত জটিলতা অনুভব করলে তাকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেন। শারীরিক অবস্থার সার্বিক মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসকরা এনজিওগ্রামের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার রাতে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়। চিকিৎসক সূত্রে জানা গেছে, এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে চিকিৎসকরা তাকে আরও কিছু সময় নিবিড় পর্যবেক্ষণে রেখে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবেন।
মো. মোজাম্মেল হক চৌধুরী দীর্ঘদিন ধরে দেশের যাত্রীসেবা, সড়ক নিরাপত্তা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রী অধিকার নিশ্চিতকরণ এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে তার নিরলস ভূমিকা সর্বমহলে প্রশংসিত।
এদিকে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ হাসপাতালে যোগাযোগ করছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দেশজুড়ে শুভানুধ্যায়ী, সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের পাশাপাশি দোয়ার পরিবেশ সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরীর ছেলে, নাগরিক ছাত্র ঐক্য কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোস্তানছিরুল হক চৌধুরী দেশবাসীর কাছে তার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন,
আলহামদুলিল্লাহ, আমার বাবার এনজিওগ্রাম সফলভাবে সম্পন্ন হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বর্তমানে স্থিতিশীল আছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। আমার বাবার সুস্থতার জন্য যারা দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন এবং পাশে থেকেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও বলেন,
দেশবাসীর কাছে দোয়া চাই, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। এই কঠিন সময়ে দেশবাসীর ভালোবাসা, সমর্থন ও দোয়া আমাদের পরিবারকে সাহস ও শক্তি জুগিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট